আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে নারীদের অবমাননা করছে এবং তাদের ঘরে বন্দি করার মানসিকতা পোষণ করছে। তিনি অভিযোগ করেন, ওই দলটি নারীদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: কড়াইল, সাততলা ও টিএনটি বস্তিতে সুবিধাবঞ্চিত নারীদের সমস্যা শোনালেন ডা. জুবাইদা রহমান
তারেক রহমান বলেন, “একটি দলের প্রধান বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ক্ষমতায় গেলে নারীদের কী চোখে দেখবেন, সে বিষয়ে বক্তব্য দেন। অথচ তার আগের দিনই সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। যারা নিজের দেশের অর্ধেক জনগোষ্ঠী সম্পর্কে এমন অপমানজনক কথা বলতে পারেন, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।”
তিনি আরও বলেন, ওই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে সংশ্লিষ্ট পক্ষ ‘অ্যাকাউন্ট হ্যাক’ হওয়ার অজুহাত দেয়, যা সত্য নয়। কারণ এরপরও একই অ্যাকাউন্ট থেকে একাধিক বক্তব্য প্রচার হয়েছে। “নিজেদের রক্ষা করতে তারা মিথ্যা বলছে। যারা প্রকাশ্যে মিথ্যা বলতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না,”—বলেন বিএনপি চেয়ারম্যান।
আরও পড়ুন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ২৮ নেতা বহিষ্কার
ভোট গণনা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অতীতে ‘আমি-ডামি’ ও ‘নিশিরাতের’ ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। একই কৌশলে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। ভোট গণনার নামে কেউ কোনো অনিয়মের সুযোগ নিতে চাইলে তা প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে যশোরের উলাসী খালসহ এ অঞ্চলের খাল-বিল পুনঃখনন করা হবে এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সব উন্নয়ন প্রকল্প নেওয়া হবে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে।
তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশ গড়া হবে। নারীদের শিক্ষা প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা বিনামূল্যে করেছিলেন। এবার বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে তারেক রহমান মঞ্চে উপস্থিত হলে নেতাকর্মীদের স্লোগানে জনসভাস্থল মুখরিত হয়ে ওঠে। তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান এবং দুপুর ২টা ৩৯ মিনিটে বক্তব্য শুরু করেন। প্রায় ৩৩ মিনিটের বক্তব্যে তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি জামায়াতকে ইঙ্গিত করে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যাচার সম্পর্কে সবাইকে সতর্ক করেন। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন।





