‘ভোটে জিতলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা দিবে তারেক রহমান’
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নির্বাচিত হলে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাইসহ আধুনিক ডিজিটাল সুবিধা নিশ্চিত করা হবে—এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার সরকারি তিতুমীর কলেজে আয়োজিত ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এসব কথা বলেন।
আরও পড়ুন: জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
তিনি বলেন, “বর্তমান যুগ ডিজিটাল যুগ। এখানে পুরোনো অ্যানালগ ব্যবস্থার কোনো জায়গা নেই। শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা, তথ্য ও যোগাযোগের সুযোগ দিতে ফ্রি ওয়াইফাই সময়ের দাবি। কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী আর্থিকভাবে সংকটে থাকায় এই সুবিধা থেকে বঞ্চিত। সেই বাস্তবতা বিবেচনা করেই বিএনপি নেতা তারেক রহমান শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাইসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছেন।”
অনুষ্ঠানের অংশ হিসেবে তিতুমীর কলেজের শিক্ষক, ছাত্রদল নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা-১৭ এলাকার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জুলাই শহীদদের স্মরণে একটি ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন কর্মসূচিরও আয়োজন করা হয়।
আরও পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার, কৃষিবিদ শামীম রহমান শামীম, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ, অধ্যাপক আলেয়া আক্তার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান এবং ফ্রি পাবলিক ওয়াইফাই জোনের সমন্বয়ক সাব্বির হোসেন সাব্বির।
আব্দুস সালাম আরও বলেন, “এই ফ্রি ওয়াইফাই সেবা শুধু ছাত্রদল নয়, সকল ধর্ম ও বর্ণের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, দেশ-বিদেশে চাকরির সুযোগসহ প্রয়োজনীয় তথ্য পাবে।”
তিনি জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, “জুলাই বিপ্লব সকল শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের ফসল, যেখানে ছাত্রদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ একটি বিশেষ গোষ্ঠী এই অর্জনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে। এ বিষয়ে ছাত্রসমাজকে সজাগ থাকতে হবে।”
ছাত্ররাজনীতির বিষয়ে তিনি বলেন, “দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশই ছাত্র ও তরুণ। তাদের হাত ধরেই পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতির ধারা গড়ে উঠতে পারে। অপরাজনীতি ও সহিংস রাজনীতি ছাত্রলীগকে ধ্বংস করেছে—এটাই বড় উদাহরণ।”
বিএনপির আদর্শ তুলে ধরে তিনি বলেন, “বিএনপি সকল ধর্মের সহাবস্থান, নারী-পুরুষের সমঅধিকার ও সহশিক্ষায় বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান দেশের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই ছাত্ররাজনীতির মূল দায়িত্ব।”
ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আবু হুজাইফা রকি, রিমা হোসেন, নূর হোসেন রাজুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





