লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল মারইয়াম প্রেসে অভিযান চালায়। অভিযানকালে দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উদ্ধারকৃত সিল, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করে সোহেল রানাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার সোহেল রানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা এসব সিল তৈরির অর্ডার দিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।
আরও পড়ুন: পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ। অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী কাজে ব্যবহৃত ৬টি সিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





