মেটাকে ৮৮ কোটি ডলার জরিমানা করেছে ইতালি

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১০ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও যথাযথ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালি। একই সঙ্গে ব্যবহারকারীদের নতুন করে আলাদা সম্মতি নেওয়া এবং সংশ্লিষ্ট সুবিধাটি বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, ফেসবুকের ‘গ্যালারি থেকে পরামর্শ’ নামের একটি সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের আগে আলাদা করে সম্মতি নেওয়া হতো না। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকায় ব্যবহারকারীরা বিষয়টি না জেনেই নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ দিয়ে ফেলতেন। কর্তৃপক্ষ মেটাকে ৬০ দিনের মধ্যে ওই সুবিধাটি বন্ধ করে ব্যবহারকারীদের কাছ থেকে নতুন করে পৃথক সম্মতি নেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছেন। এদিকে তদন্তে সহযোগিতা না করার বিষয়টিও জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন: ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ: কারা পাবেন না, ৬টি শর্ত জেনে নিন