জবাই করা ৯ ও জীবিত ১১ ঘোড়া উদ্ধার

রূপগঞ্জে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ

Sadek Ali
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়ংকর এক প্রতারণার ঘটনা ফাঁস হয়েছে, যেখানে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি করার অভিযোগ উঠেছে একদল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ঘটনায় ১১টি জীবিত এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে এসব ঘোড়া উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে ওই নির্জন স্থানে নিয়ে আসে। এর মধ্যে তারা ইতোমধ্যে ৯টি ঘোড়া জবাই করে ফেলে। তবে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১১টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি পূর্বাচলের নির্জন এলাকাকে ব্যবহার করে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে কম দামে উপজেলার বিভিন্ন বাজার ও মাংসের দোকানে সরবরাহ করত। ফলে সাধারণ মানুষ অজান্তেই প্রতারণার শিকার হয়ে সেই মাংস ক্রয় ও ভক্ষণ করছিলেন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপির পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি, মাংস বিক্রির ক্ষেত্রে নজরদারি জোরদার করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।