বাউফল থেকে ঢাকাগামী লঞ্চে অজ্ঞাত শিশু উদ্ধার

Any Akter
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে কালাইয়া—ঢাকা নৌরুটের ‘এমভি বন্ধন-৫’ নামক দ্বিতল লঞ্চে অজ্ঞাত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে লঞ্চ স্টাফরা উদ্ধার করে কয়েকজন যাত্রীর সমন্বয়ে নিরাপদ আশ্রয়ে রেখেছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় কালাইয়া লঞ্চঘাট থেকে এমভি বন্ধন-৫ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লঞ্চটি সন্ধ্যা ৬টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করে।

লঞ্চের স্টাফ শাহিন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুটির খোঁজে কেউ লঞ্চে যোগাযোগ করেনি।

আরও পড়ুন: কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মুঠোফোনে তিনি জানান, ধুলিয়া ঘাটে লঞ্চ থাকার সময় নিচতলার ডেকে শিশুটির সঙ্গে অবস্থান করছিলেন পিতা পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি। ধুলিয়া ঘাটে নেমে সেই ব্যক্তি আর ফেরেননি। তিনি আশপাশের যাত্রীদের বলে যান, শিশুর মা ঘাটে আছেন, তাকে নিয়ে আসতে তিনি ঘাটে নামবেন। শিশুটিকে কিছু সময় দেখাশোনা করার জন্য পাশের যাত্রীদের অনুরোধ করেন।

পরে ধুলিয়া ঘাট থেকে সোয়া ৭টায় লঞ্চটি যাত্রা শুরু করে। এবং রাত ৮টায় শেষ ঘাট দিঘিরপাড় থেকে যাত্রা শুরু করলেও শিশুটির পিতা পরিচয়ের অজ্ঞাত ব্যক্তি আর ফেরেননি। বিষয়টি জানতে পেরে লঞ্চ কর্তৃপক্ষের নির্দেশে স্টাফরা অজ্ঞাত ওই শিশুটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক সংগঠনের অফিসে হামলা, চাঁদা না পেয়ে নগদ টাকা লুটের অভিযোগ

গণমাধ্যমকর্মীদের কাছে উদ্ধারকৃত শিশুটির একটি ছবি পাঠিয়েছে ‘এমভি বন্ধন-৫’ লঞ্চের কর্তৃপক্ষ। শিশুটির পরিচয় নিশ্চিত করার জন্য ঘটনাটি প্রচারের অনুরোধ জানান তারা।

ধুলিয়া লঞ্চঘাটের ইজারাদার প্রতিনিধি মনির হোসেন জানান, রাত দেড়টা পর্যন্ত শিশুটির বিষয়ে খোঁজ নিতে কেউ ঘাটে যোগাযোগ করেনি। ছবি দেখে শিশুটিকে কেউ চিনতে পারলে লঞ্চ স্টাফ শাহিনের মুঠোফোনে (০১৬৮৫৪৩৬১৫৪) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।