রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, খতিয়ে দেখছে পুলিশ
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রোববার ভোররাতে মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাড়ির সামনে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে জুহু এলাকার একটি বহুতল ভবনে অবস্থিত রোহিত শেঠির ফ্ল্যাট লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: গোলাপি গাউনে ভক্তদের মুগ্ধ করলেন জয়া আহসান
এরই মধ্যে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি পরিচালকের ব্যালকনি ও আশপাশের এলাকা থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনার সময় রোহিত শেঠি বাড়িতে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এই হামলার পেছনে কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’ জড়িত কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিচালকের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: সিনেমার গান থেকে বিদায়ের ঘোষণা অরিজিৎ সিংয়ের, কারণ জানালেন নিজেই
উল্লেখ্য, বলিউড তারকাদের লক্ষ্য করে হামলার ঘটনা মুম্বাইয়ে নতুন নয়। এর আগে অভিনেতা সালমান খানের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এছাড়া শাহরুখ খান একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। গত বছরের জুলাই মাসে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁতেও ৯ রাউন্ড গুলি চালানো হয়, যে ঘটনায় পরবর্তীতে বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে।
ঘটনাটি ঘিরে গোটা বলিউডে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।





