ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীতে লাখো সুফিবাদী জনতার জশনে জুলুস র্যালি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখো সুফিবাদী জনতার অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ শোভাযাত্রার নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও বিএসপি চেয়ারম্যান শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে শান্তি মহাসমাবেশে মিলিত হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ সুফিবাদী জনতা এ আয়োজনে যোগ দেন।
আরও পড়ুন: রমজানের প্রস্তুতি: শাবান মাসের আমল ও ফজিলত
এবারের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দ.)-এর ১৫০০ বর্ষপূর্তি উপলক্ষে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শোভাযাত্রার অগ্রভাগে ছিল “ইয়া নবী সালামু আলাইকা”, “ইয়া রাসূল সালামু আলাইকা” লেখা ব্যানার। অংশগ্রহণকারীরা হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন এবং বিশাল জাতীয় পতাকা বহন করে রাজধানীর রাস্তাঘাট মুখরিত করে তোলেন।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত শান্তি মহাসমাবেশে বিএসপি চেয়ারম্যান বলেন, মহানবী (দ.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাঁর আদর্শ অনুসরণ করলেই শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব।
আরও পড়ুন: এবার রমজানে সেহেরী ও ইফতারের সময়সূচি প্রকাশ
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে যুদ্ধ-বিগ্রহ ও সন্ত্রাসের মধ্য থেকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো প্রিয় নবীর শিক্ষা বাস্তবায়ন। আমাদের উচিত ঈদে মিলাদুন্নবী (দ.)-এর বার্তা হৃদয়ে ধারণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে তা প্রয়োগ করা।”





