৮৫ রানেই ইতিহাস, ফাইনালে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন গায়ানা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:০৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের ফাইনালে দেখা গেল টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম নাটকীয় ম্যাচ। মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার পরও অবিশ্বাস্যভাবে শিরোপা জিতে ইতিহাস গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস গুটিয়ে যায় ৭৯ রানে। ফলে ৬ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় গায়ানা।

ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা। নবম ওভারের আগেই ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ২৯ রান তুলতে সক্ষম হয় দলটি। পিটার সিডলের নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে সাজঘরে ফেরেন জনসন চার্লস, শিমরন হেটমায়ার, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ হারিসসহ শীর্ষ ব্যাটাররা। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন এই অস্ট্রেলিয়ান পেসার।

আরও পড়ুন: বিশ্বকাপের পর ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

তবে শেষদিকে ডোয়েন প্রিটোরিয়াসের ১৭, ম্যাথিউ ফোর্ডের ২৮ এবং ইমরান তাহিরের ১১ রানে ভর করে কোনোভাবে ৮৫ রানে পৌঁছায় গায়ানা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা বিপাকে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় সান ফ্রান্সিসকো। তরুণ ব্যাটার অলিভার পিকের ৩১ রানে জয়ের পথেই ছিল দলটি। কিন্তু ৫৩ রান থেকে মাত্র ৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ইউনিকর্নস। এ সময় মোহাম্মদ নবী তিনটি এবং ইমরান তাহির দুটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

আরও পড়ুন: তীব্র বিরোধিতার মুখে সিদ্ধান্ত বাতিল করল ফিফা

শেষদিকে পিটার সিডল ১৩ রানে অপরাজিত থাকলেও অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় ৭৯ রানেই থামে সান ফ্রান্সিসকোর ইনিংস। তাতেই শিরোপা নিশ্চিত হয় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে গায়ানা। যে কোনো পর্যায়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আগে ব্যাট করে সর্বনিম্ন রান করেও জয়ের রেকর্ড এখন তাদের দখলে। এর আগে ২০২০ সালের বিগ ব্যাশ ফাইনালে ১১৬ রান করে জয়ের নজির গড়েছিল সিডনি সিক্সার্স। এছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোনো ফাইনালে ১০০ রানের নিচে অলআউট হয়েও শিরোপা জয়ের কীর্তি এই প্রথম দেখল ক্রিকেট বিশ্ব।