খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হীরকের দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই। পেশায় তিনি একজন ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করেন। এরপর জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালান। পরে মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে পালিয়ে যান তারা।
আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।





