কিছুদিনের মধ্যে জয় বাংলা করে দেব’, সামান্তা শারমিনকে ফোনে হুমকির অভিযোগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর এবার মোবাইল ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ তুলেছেন সামান্তা শারমিন। বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাঁকে হত্যার হুমকিসদৃশ বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সামান্তা শারমিন।

ফেসবুক পোস্টে তিনি জানান, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি দুপুর ১২টা ২৭ মিনিটে তাঁকে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি কিছুদিনের মধ্যে তাঁকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন বলে অভিযোগ করেন তিনি। তবে ওই ব্যক্তি ছাত্রলীগে তাঁর সাংগঠনিক পদ কী, তা জানাতে রাজি হননি বলেও পোস্টে উল্লেখ করেন সামান্তা।

আরও পড়ুন: শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী

পোস্টে সামান্তা শারমিন আরও লেখেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’

এর আগে গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। একই সঙ্গে নিজের পদত্যাগপত্রও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

পদত্যাগের কারণ হিসেবে দলের রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচন, গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্যের কথা তুলে ধরেছিলেন তিনি।

তবে সামান্তা শারমিনের অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি সবুজ খান কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।