দুই মন্ত্রীর পিএস, পাঁচ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৫ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন সরকারের দুজন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মো. মনিরুজ্জামান। এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ফেসবুক-ইনস্টাগ্রাম একাউন্ট ডি-এক্টিভেট

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ-সচিব) রবীন্দ্র চাকমা। এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী দীপেন দেওয়ান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইব্রাহিম খলিল। প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মো. আমিনুল হক।

আরও পড়ুন: বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ পত্র গৃহীত

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. জুনাইদ। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মো. শরীফুল আলম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. আল মামুন। এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এম. এ. মুহিত।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. শরীফুল ইসলাম। এ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ফকির মাহবুব আনাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদার মাহাদী আমিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সহকারী একান্ত সচিবদের নিয়োগ প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কার্যকর থাকবে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি), ২০১৫’ অনুযায়ী (৯ম গ্রেড) ২২,০০০–৫৩,০৬০ টাকা বেতন স্কেলে এ নিয়োগ পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রীপরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।