‎হাতিয়ায় প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

Shahrier Islam Pallab
‎রাসেল মাহম্মুদ হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

‎রোববার (১৫ নভেম্বর) সকালে কলেজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কলেজের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সভাপতি ও গভর্নিং বডির দাতা সদস্য শামীমা আজিম এবং গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. একরাম উদ্দিন।‎

‎অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষাজীবনে ভালো ফলাফল ও বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি

‎এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। এসব গুণাবলি একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎তাঁরা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

‎প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ‎নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং শিক্ষামূলক দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‎

‎